মা ইলিশ আহরণ বন্ধে দুধকুমার নদে অভিযান

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 24 October 2026, 9:32 AM পঠিত: ১০৫ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদে নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে সমন্বিত অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত দুধকুমার নদের সামাদের ঘাট থেকে আন্ধারীঝাড়ের ধাউরারকুঠি পর্যন্ত বিভিন্ন স্থানে এ যৌথ অভিযান পরিচালনা করেন ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধিরা।

উপজেলা মৎস্য অধিদপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশব্যাপী মাছ আহরণে নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে দুধকুমার নদে অবৈধ জাল দিয়ে মাছ শিকার এবং আইপিএস ও ব্যাটারি ব্যবহার করে বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ আহরণ বন্ধে অভিযান চালানো হয়।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, নদীটি সরু ও বিভিন্ন স্থানে চরবেষ্টিত হওয়ায় দূর থেকেই পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জেলে সরে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নদীর বিভিন্ন স্থান থেকে কয়েক কিলোমিটার চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

মৎস্য প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!