ভুরুঙ্গামারীতে জেলা প্রশাসকের দিনব্যাপী জনসম্পৃক্ততা কার্যক্রম পরিদর্শন

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 14 August 2026, 4:56 AM পঠিত: ৩৯৮ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বৃক্ষরোপণ, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ জনসম্পৃক্ততা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি ভুরুঙ্গামারী থানা, ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিলাই ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন

প্রথমে সকাল ১০ টায় তিনি ভুরুঙ্গামারী থানা পরিদর্শন করেন। থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাসকরণে ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।

এরপর তিনি তিলাই ইউনিয়ন পরিষদ আয়োজিত মাদক, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান, তিলাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাবু, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল , প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সরোয়ার মির্জা, ভুরুঙ্গামারী প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, শিশুদের ঝরে পড়া রোধকরা এখন কুড়িগ্রামের জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থী ঝরে পড়া রোধে তিনি অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা আশা করেন। তবে শিশুরা যাতে পরিবার এবং সমাজের বোঝা না হয় এজন্য অভিভাবকদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। এজন্য তিনি জীবনমুখী শিক্ষার উপর গুরত্ব আরোপ করেন।
শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে শিশুদের অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি মাদক ও বাল্য বিয়ের সাথে সম্পৃক্ত পরিবারকে কোন প্রকার সরকারি সেবা প্রদান না করার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন । প্রত্যাশা অনুযায়ী সকলকে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরে তিনি তিলাই ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন।

সভা শেষে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করেন।

এরপর তিনি হামিদা খানাম উচ্চ বিদ্যালয়গামী রাস্তায় তালগাছের চারা রোপণ করেন এবং বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের জীবনের লক্ষ্য সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি সেবা কার্যক্রম, সাধারণ মানুষের সেবা গ্রহণের পরিস্থিতি এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

বিকেল সাড়ে ৫ টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভুরুঙ্গামারী উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ও বীর মুক্তিযোদ্ধা গনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সন্ধ্যার আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!