ভুরুঙ্গামারীতে বাড়িতে ঢুকে লুটপাটের পর অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১:১৩ অপরাহ্ণ পঠিত: ৮৫২ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর বসতবাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ওসির নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী ডা. রোকনুজ্জামান কিরন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় (নয়াপাড়া) এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিনি পরিবারসহ রংপুরে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা তাঁর বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল লুট করে এবং শয়নকক্ষসহ বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়।

বাড়ির দেখভালের দায়িত্বে থাকা আলেফ উদ্দিন জানান, গত ২৬ এপ্রিল আকাশ খারাপ থাকায় সব কিছু বন্ধ করে রাত ১২টার দিকে বাড়িতে চলে যাই, পরদিন সকাল ১০টায় ধান মাড়াইয়ের শ্রমিক বাসায় এসে ভিতরে ধোয়া দেখতে পেয়ে আমাকে জানায় পরে আমি এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি এবং বাসার মালিককে জানাই। এলাকাবাসী ৯৯৯ ফোন দিলে থানা পুলিশ বাসা পরিদর্শন করে যায়।

স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর এলাকায় ফিরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, আগুনে ঘরের নিচতলার প্রায় সবকিছুই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে রয়েছে স্বর্ণালংকার (প্রায় ৫ ভরি), নগদ প্রায় ১৩ লাখ টাকা, হীরার গহনা, ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা, মোবাইল ফোন, আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জামসহ দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ কাগজপত্র। এতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৪২ লাখ ৪৮ হাজার টাকা।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, উনি যেহেতু নির্বাচন করার ঘোষণা দিয়েছেন শত্রুতা বসত তাকে আতঙ্কিত করার জন্য ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *