এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের কথিত হোতা রশিদুল ইসলাম রতনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার রশিদুল ইসলাম রতন উপজেলার মধ্য ভরতের ছড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে।
বুধবার (২৮ অক্টোবর) গ্রেপ্তারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশের একটি ছদ্মবেশী দল গত ২৭ অক্টোবর রাত ১১টা থেকে ২৮ অক্টোবর রাত ৩টা পর্যন্ত টানা চার ঘণ্টা এ অভিযান পরিচালনা করে। এ সময় বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে ভারতীয় মোবাইল ফোন কেনাবেচার সময় রতনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার আড়ালে রতন ভারতীয় মোবাইল ফোন ও মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর মাধ্যমে এসব অবৈধ মোবাইল ফোন দেশের বিভিন্ন শপিংমল ও দোকানে সরবরাহ করা হতো বলে জানা গেছে। রতন ও তাঁর কয়েকজন নিকটাত্মীয়ের সমন্বয়ে গঠিত একটি চক্রের মাধ্যমে এ অবৈধ ব্যবসা পরিচালিত হতো বলে অভিযোগ উঠেছে।
ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, রতনকে গ্রেপ্তারে পুলিশ এর আগেও একাধিকবার অভিযান চালিয়েছিল। তবে প্রতিবারই তিনি কৌশলে পুলিশের নাগালের বাইরে থেকে যান। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।

মতামত জানান