চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫ জনের পরিবারগুলোতে চলছে শোকের মাতম

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ পঠিত: ৫৭৭ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

​এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

​রংপুর থেকে উন্নত চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক কেড়ে নিল ৫ জনের প্রাণ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় পাথরবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য ও এক শিশু রয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থেকে একটি পরিবার উন্নত চিকিৎসার জন্য রংপুরে গিয়েছিলেন। কাজ শেষে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসযোগে তারা বাড়িতে ফিরছিলেন। পথে বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি পাথরবোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

​দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন প্রাণ হারান। সকলের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে। নিহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২) ও তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), একই পরিবারের বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) ও সাইফুর রহমানের ছেলে মো. লিমন (৩০)। তাদের মধ্যে লিমন পেশায় মাইক্রোবাস চালক বলে জানা গেছে।

এ ঘটনায় আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদের কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার সকালে গ্রামের বাড়িতে লাশ এসে পৌছলে কান্নার রোল পড়ে যায়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম।​ স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে দুর্ঘটনাস্থল নাগেশ্বরী থানার আওতাধীন হওয়ায় আইনগত ব্যবস্থা এবং পরবর্তী কার্যক্রম নাগেশ্বরী থানা পুলিশ পরিচালনা করছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *