এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশি রোপা আমন ও মরিচ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ, সার ও বালাইনাশক বিনামূল্যে বিতরণ করা হবে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, কৃষক দলের আহ্বায়ক সুরুজ আলী, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
এ ছাড়া গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষের জন্য ৯০ জন কৃষককে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ, ১০০ এমএল বালাইনাশক, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এই সহায়তার মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় উপকরণ পেয়ে কম খরচে অধিক উৎপাদনে উৎসাহিত হবেন। কৃষকদের সর্বাত্মক কারিগরি সহায়তা প্রদানেও কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে সরকারের এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাপ্ত উপকরণ সঠিকভাবে ব্যবহার করে কৃষকরা যেন অধিক ফলন নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়।

মতামত জানান