ভুরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 24 August 2026, 7:00 AM পঠিত: ১৭৩ বার আপডেট: 24 August 2026
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে উৎসাহ এবং অনুপ্রেরণা দিতে এ আয়োজন করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা অঙ্কুর কালচারাল সেন্টারে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির উদ্যোগে এ সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মোটিভেশনাল বক্তব্য দেন ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র প্রতিনিধিরা। তাঁরা সময়ের মূল্য, অধ্যবসায়, শৃঙ্খলা ও লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা ও জলবায়ু বিশেষজ্ঞ ড. মাহমুদুল হাসান সেলিম।

বিশেষ অতিথি ছিলেন ভুরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান বুলবুল, ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক ও মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ডা. মিফতাহুল ইসলাম মিলন, ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার এবং ভুরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুল হাসান সেলিম বলেন, জিপিএ-৫ পাওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন, তবে এটিই চূড়ান্ত সাফল্য নয়। ভবিষ্যতে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও কঠোর পরিশ্রম করতে হবে। দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ফখরুজ্জামান জেট বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ গড়ার পথে সঠিক দিকনির্দেশনা দেওয়াও সমাজের দায়িত্ব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা এমন আয়োজনের জন্য ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পাওয়া ১০৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!