ভুরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, জব্দ বালু নিলামে বিক্রি

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 28 June 2026, 5:04 PM পঠিত: ৫২১ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সড়কসংলগ্ন পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।

রবিবার (২৮ জুন) উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ‘সড়ক কাটা’ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন দিপু (২৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন দিপু অবৈধভাবে বালু উত্তোলন করে কালভার্টের মুখ ও পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেন। এতে স্থানীয় মানুষের চলাচল ও পানি প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছিল।

এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান চলাকালে জব্দ করা বালু তাৎক্ষণিকভাবে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। খামার আন্ধারীঝাড় গ্রামের বাসিন্দা মজনু মিয়া নগদ ২৫ হাজার টাকায় বালু কিনে নেন।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও জনস্বার্থের ক্ষতি করা হলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!