এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২৭ টি প্যাকেট ভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের ব্র্যাক অফিসের সামনে থেকে এ চকলেট উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ও এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে সন্দেহভাজন একটি চোরাচালান চক্রকে অবৈধ ভারতীয় পণ্য সহ আটকের চেষ্টা করে।
এসময় চোরাচালান চক্রটি সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের নিকট গোপন তথ্য ছিলো কয়েকদিনের মধ্যেই ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি বর্ডার হতে ভারতীয় কিটক্যাট চকলেটের একটি অবৈধ চালান ভুরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাবে।
এরই ধারাবাহিকতায় ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন দেওয়ানের খামার গ্রামে ব্রাক অফিসের সামনে সহকারী পুলিশ সুপারের উপস্থিতিতে টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় ভুরুঙ্গামারী থেকে আগত একটি দ্রুতগামী মোটর সাইকেল পুলিশের টহল টিমকে দূরথেকে দেখে রাস্তার উপর একটি বস্তা ফেলে দিয়ে উল্টো পথে পালিয়ে যায়।
উদ্ধারকৃত বস্তাটি তল্লাশি করে ২৭ টি প্যাকেট ভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, জব্দকৃত চকলেট আইনানুগ প্রক্রিয়ার কোর্টে চালান করা হবে। অনুসন্ধান সাপেক্ষে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
এছাড়াও তিনি উপজেলাবাসীকে পুলিশের নিকট চোরাকারবারি ও মাদক ব্যাবসায়ীদের সুনির্দিষ্ট তথ্য দেওয়ার বিনীত নিবেদন জানান।

মতামত জানান