জনতার আস্থা ডেস্কঃ
পুলিশের বর্তমান পোশাক নিয়ে বাহিনীর ভেতরে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ শনিবার (২৮ মার্চ) রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি-তে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তিনি বুঝেছেন, বর্তমান পোশাকে বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নন। এ অবস্থায় আগের ঐতিহ্যমণ্ডিত কোনো পোশাকে ফিরে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়; বরং জনগণের বন্ধু হিসেবে কাজ করবে। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যাতে বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা যায়। তিনি আশা প্রকাশ করেন, এর সুফল শিগগিরই পাওয়া যাবে।
অনুষ্ঠানে নতুন কর্মকর্তাদের উদ্দেশে তিনি দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান এবং ডিজিটাল অপরাধ দমনে কারিগরি দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন।
৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) অংশ নেন। অনুষ্ঠানে মন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

মতামত জানান