এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষ রোপনের জন্য গাছের চারা, গ্রীষ্মকালীন (উফশি ও হাইব্রিড) জাতের শাকসবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে সবজি বীজ, সার ও উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫০ টি ফলজ ও বনজ চারাগাছ ৪১০ কৃষক/শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫টি চারা গাছ, জৈব সার ও খুটি দেয়া হয়েছে।
এ ছাড়া ১ হাজার কৃষককে ৭ প্রকারের সবজী বীজ, লাউ, কলমি শাক, চাল কুমড়া, বেগুন, পুইশাক, মিষ্টি কুমড়া, শশা এবং ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়া বর্তমান সরকারের অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসেবে এ গাছের চারা ও বাঁশের খুটি বিতরন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, প্রাপ্ত উপকরণ সঠিকভাবে ব্যবহার করে কৃষকরা যেন অধিক ফলন নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি অব্যাহত রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে প্রণোদনার গাছের চারা, সবজি বীজ, সার ও উপকরণ বিতরণ করা হয়।

মতামত জানান