এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারাদেশে ছুটি ঘোষণা করা হলেও পরিবার পরিকল্পনা বিভাগ ঈদের মতো দীর্ঘ ছুটির সময়েও মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত রেখেছেন।
ছুটি চলমান থাকলেও গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশে সারা দেশের বিভিন্ন বিভাগের কর্মীগণ ছুটি ভোগ করলেও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিরলসভাবে মানবসেবা চালিয়ে যাচ্ছেন। তারা উপজেলার সদর ক্লিনিক ভূরুঙ্গামারী, আন্ধারীঝাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং পাইকেরছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে গর্ভবতীকে স্বাভাবিক প্রসব সেবা (ঈদের দুই দিন পূর্বে ) (এন.ভি.ডি) দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রে আগত গর্ভবতীদের প্রসব পূর্ববর্তী সেবা (এএনসি), প্রসব পরবর্তী সেবা (পিএনসি), পরিবার পরিকল্পনার ১০ বছর মেয়াদী আইইউডি, তিন মাস মেয়াদী ইনজেক্টটেবল পদ্ধতির সেবাসহ পরিবার পরিকল্পনার স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ছুটি চলাকালীন রোস্টার অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন নিশ্চিত করা হচ্ছে। ছুটি কালীন সময়ে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ৫টি প্রসব সেবা দেয়া হয়েছে। এ উদ্যোগের ফলে দীর্ঘ ছুটিতেও মা ও শিশুরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে না এবং পরিবারের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাচ্ছে।
সেবা গ্রহণকারী স্থানীয় একজন নারী বলেন, সমাজের কল্যাণে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে অনড় এসব সেবাকর্মীরা সত্যিই প্রশংসার দাবিদার। সেই সাথে ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে আমরা ভীষণ খুশি ।

মতামত জানান