এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন যুব আন্দোলনের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি এবং সদর ইউনিয়ন যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক মুফতি মিরাজুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলটির সহযোগী সদস্য হিসেবে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখার আমীর আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি তাইফুর রহমান মানিক।
এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা মুফতি মিরাজুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানান।
যোগদান শেষে মুফতি মিরাজুল ইসলাম উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইসলামী আদর্শের প্রচার এবং ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

মতামত জানান