এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয়ের চেষ্টার অভিযোগে আনোয়ার মিয়া নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ ।
সোমবার (৬ জুলাই) মধ্যরাতে পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজার সংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা রাস্তা থেকে তাকে আটক করে পুলিশ। তিনি উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম কালিবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় কয়েকজন চিহ্নিত মাদককারবারি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয় করে আসছিলো। সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে পুলিশ সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন ও এসআই(নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে আটক করা হয়।
এ সময় তার নিকট হতে বাংলাদেশি ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান বাংলাদেশি জাল নোট দিয়ে ভারতীয় সীমান্তের কাটাঁতার সংলগ্ন বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা ক্রয় করে বাংলাদেশে এনে বিক্রি করেন। তিনি কাটাঁতার অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন।
সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জাল নোট জিম্মায় রাখার অপরাধে দন্ডবিধি-১৮৬০ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার মাদক ও চোরাকারবারিরা মূলত ঠগ প্রকৃতির। এরা প্রতিনিয়ত নিজেরা নিজেদের ঠকানোর চেষ্টা করে। তাছাড়া সীমান্তের মাদক ও চোরাকারবারিরা মূলত শতভাগ মুনাফা অর্জনের জন্য বাংলাদেশি জাল নোট ব্যবহার করে।

মতামত জানান