এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে সীমান্ত দিয়ে পার হয়ে আসা ৫৫ টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসময় চোরাকারবারী এনামুল হক অন্তর (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। সে উত্তর তিলাই বিএসসি পাড়ার ময়েন উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার(২০ আগস্ট) রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড়ে যৌথভাবে অভিযান চালিয়ে বসতবাড়ির হাঁস-মুরগীর খোঁয়াড় থেকে লুকানো অবস্থায় এসব মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ ও বিজিবি।
পুলিশ জানায়, উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় নামক স্থানে দীর্ঘদিন ধরে অবাধে ভারতীয় চোরাই মোবাইল বিক্রি হয়ে আসছিলো। রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে মোবাইল ব্যবসায়ীরা এসে এসব মোবাইল ক্রয় করে নিয়ে যেত। সীমান্তবর্তী ভারতের বিভিন্ন স্থানে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছিলো একটি ভারতীয়-বাংলদেশী চোরাচালান চক্র। এভাবে দেশের অভ্যন্তরে অবৈধ ও রেজিষ্ট্রেশনবিহীন আইএমইআই (IMEI) যুক্ত চোরাই মোবাইল ফোন ছড়িয়ে পড়ছিলো। এসব ফোন ব্যবহার করে অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থানে বড় ধরণের অপরাধ করে আসছিলো।
এরই সূত্র ধরে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাংগা ক্যাম্প কমান্ডার সুবাদার মতিউর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় চোরাই মোবাইল জব্দ করা হয়।
গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি,রিয়েলমি, ভিভোসহ ৫৫ টি ব্যবহৃত ভারতীয় মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর অবৈধ সিজার মূল্য আনুমানিক ১৩ লক্ষ টাকা।
ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আসাদমোড় নামক স্থানটি দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিলো। বিজিবির সহায়তায় সুপরিকল্পিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে এসব মোবাইল জব্দ করা হয়েছে। বিজিবির সাথে সমন্বয় করে চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মতামত জানান