এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আন্তঃউপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে ইসলামী ছাত্রশিবির ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে ভুরুঙ্গামারী ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি ও সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু হেনা মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখার অফিস সেক্রেটারি ও ছাত্র তত্ত্বাবধায়ক রোকনুজ্জামান রোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আল মামুন।
বক্তারা বলেন, তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নৈতিক চরিত্র গঠন ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, সুস্থ প্রতিযোগিতা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলার চর্চার মাধ্যমে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য উপজেলার বিভিন্ন উপশাখার অংশগ্রহণের মাধ্যমে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

মতামত জানান