এ এস খোকন ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কিশোর-কিশোরী ও অভিভাবকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ২১টি সেশনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসব সেশনে স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা, প্রাথমিক চিকিৎসা, নিরাপদ পানি, পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।
ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্থাটির সহ-সভাপতি শরিফ উদ্দিন, এমজেএসকেএসের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম ও উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।
আয়োজকরা জানান, উপজেলার সদর ইউনিয়নের নলেয়া চর, মাঝিটারী, গুচ্ছগ্রাম ও দেওয়ানের খামার এলাকায় ধারাবাহিকভাবে এসব সেশন পরিচালনা করা হয়েছে। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের মধ্যে ঔষধি গাছ, স্যানিটারি ন্যাপকিন ও সাবান বিতরণ করা হয়। পাশাপাশি পাঁচটি দরিদ্র পরিবারের জন্য স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়েছে।
বক্তারা বলেন, স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে বিভিন্ন রোগবালাই কমে আসবে এবং সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে বিকালে এমজেএসকেএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থা’র বাস্তবায়নে পাঁচটি দরিদ্র পরিবারের প্রতিনিধিদের হাতে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের সামগ্রী তুলে দেয়া হয়।

মতামত জানান