দুর্ঘটনায় নিহত ভুরুঙ্গামারী’র সাহসী যুবক দুলালের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ পঠিত: ২৭২ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামার‍্যী (কুড়িগ্রাম):

নিজের জীবন বাজি রেখে যাত্রীদের জীবন বাঁচানো নিহত দুলালের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ।

রোববার (৩১ মে) সকালে কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের কেজিস্কুল পাড়ায় নিহতের বাড়িতে উপস্থিত হয়ে তিনি দুলালের বড় ভাই ও স্ত্রীর খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার নিকট পৌঁছলে হঠাৎ করে বাসটির ব্রেক ফেল করে। শত চেষ্টা করেও চালক যখন বাসটির নিয়ন্ত্রণ আনতে পারছিলেন না, তখন শেষ চেষ্টা হিসেবে বাসের হেলপার দুলাল যাত্রীদের জীবন বাঁচাতে বাস থেকে নেমে কাঠের গুঁড়ি ও ভারী জাতীয় জিনিস চাকার নিচে দিয়ে বাসটি থামানোর চেষ্টা করেন। এভাবে বাসটি থামাতে গিয়ে তিনি নিজেই চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে নিজের জীবন দিয়ে বাসটি থামান এবং বাসের যাত্রীরা সকলেই রক্ষা পান।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, নিজের জীবন বাজি রেখে দুলালের অন্য যাত্রীদের জীবন বাঁচানোর ঘটনা নজিরবিহীন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে দুলালের পরিবারের মঙ্গল কামনা করেন। পরিবারটিকে আর্থিক সহায়তার আবেদন করার পরামর্শ দেন এবং এ ব্যাপারে তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন । পরে নিহত দুলালের স্ত্রী মোসলিমা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *