ভুরুঙ্গামারী সীমান্তে ‘রোবটের ভিডিও ভাইরাল; বিজিবি বলছে ভিডিওটি তৈরিকৃত

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ পঠিত: ২৫৫ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া একটি দৃশ্যকে কেন্দ্র করে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজার এলাকার ‘আলাদিন ইলেক্ট্রনিকস অ্যান্ড হার্ডওয়্যার’ দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে একটি দৃশ্য। দৃশ্যটিতে দেখা যায় কুকুর আকৃতির রোবটের মত কিছু একটা হেঁটে যাচ্ছে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

আলাদিন ইলেক্ট্রনিকস অ্যান্ড হার্ডওয়্যারের মালিক রোকনুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখছিলাম। তখন একটি অদ্ভুত দৃশ্য দেখতে পাই। কুকুর আকৃতির কিছু একটা হেঁটে যাচ্ছে। দৃশ্যটি প্রথমে পরিচিতদের দেখাই তারা কিছু বুঝতে পারেনি। পরে সিসি ক্যামেরার ফুটেজ থানা পুলিশকে দেখাই তারাও কিছু বলতে পারেনি। পরে সিসি ক্যামেরার দৃশ্যটি ফেসবুকে পোস্ট করি।

জহুরুল ইসলাম নামের স্থানীয় বাসিন্দা বলেন, সিসি ক্যামেরায় যে দৃশ্যে ধারণ হয়েছে তাতে এলাকাবাসীর মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিসি ক্যামেরায় দেখতে পাওয়া বস্তুটি কি তা খুঁজে বের করা দাবি জানান তিনি।

একজন অটোরিকশাচালক দাবি করেন, তিনিও ওইদিন রাতে আলো জ্বলতে থাকা অদ্ভুত একটি বস্তু দেখে ভয় পেয়েছেন। বস্তুটি দেখার পর তিনি দ্রুত অটোরিকশা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

কচাকাটা থানার ওসি সোয়েল রানা বলেন, ঘটনাস্থলে গিয়েছি। সার্কেল এএসপি ও বিজিবির সিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি কি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)  অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, ভিডিও ক্লিপ যাচাই করে পরিলক্ষিত হয় যে, একটি বাইসাইকেলের দুটি চাকায় ছোট লাইট সংযুক্ত রয়েছে এবং সামনে একটি হেডলাইট আছে। সোজা হ্যান্ডেলযুক্ত বাইসাইকেল চালক সামনের দিকে ঝুঁকে দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছেন। ক্যামেরার রেজ্যুলেশন কম হওয়ায় বিষয়টি অস্পষ্টভাবে প্রতীয়মান হয়। সিসি ক্যামেরার মেমোরি কার্ড খুলে যাচাই করে দেখা যায় যে, মেমোরি কার্ডে সংরক্ষিত সব ভিডিও ফোল্ডারে গত ১৪ নভেম্বর প্রদর্শিত রয়েছে। এছাড়া প্রচারিত ভিডিও ক্লিপে একই সময়ের একটি ভিডিও তিনবার সংযোজন (এডিট) করা হয়েছে, যা ভিডিও ক্লিপের নিচের বাম কোণায় দৃশ্যমান। এতে প্রতীয়মান হয় যে, প্রচারিত ভিডিওটি সম্পাদিত/তৈরিকৃত, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। বর্তমানে মেমোরি কার্ডসহ ক্যামেরাটি ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *