এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ইসলামী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান ভুরুঙ্গামারী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়েছে।
রবিবার (২২ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভুরুঙ্গামারী ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।
সকাল ১১টায় আলোচনা সভায় ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সভাপতি ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেট, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, বাউসমারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ এবং সাবেক অধ্যক্ষ মাওলানা রমিজ উদ্দিন মন্ডল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক শিক্ষার্থী বিএডিসির অবসর প্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াছিন আলী ও মাদ্রাসার এলামনাই এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা কেবল ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয়, বরং নৈতিক, সামাজিক শিক্ষার ক্ষেত্র ও শিক্ষার্থীদের দ্বিনী পথ প্রদর্শক। নতুন প্রজন্মের জন্য এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মধ্যাহ্নভোজ, বিকেলে স্মৃতিচারণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

মতামত জানান